হেফাজত আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীর দরবারে স্বরাষ্ট্রমন্ত্রী ও চার সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৬ ১২:০৯

চট্টগ্রামের ফটিকছড়িতে আজ শুক্রবার গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয়ভাবে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

ফটিকছড়ির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। নামাজ শেষে তিনি প্রতিষ্ঠানটির দুই দিনব্যাপী ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলনে যোগ দেবেন বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার এই মহাসম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন। আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পাশাপাশি সরকারের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে।

তাঁদের মধ্যে রয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দীন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী।

এ ছাড়া সম্মেলনে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে বৃহস্পতিবার বাদ ফজর মাদ্রাসা প্রাঙ্গণে পবিত্র ধর্মীয় পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুই দিনব্যাপী এই বার্ষিক দ্বীনি মহাসম্মেলন।

প্রথম দিন থেকেই এতে দেশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও শিক্ষার্থীদের অংশগ্রহণ রয়েছে।

সব মিলিয়ে হেফাজত আমিরের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ এবং একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের অংশগ্রহণকে কেন্দ্র করে আজ বাবুনগর মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে।