back to top

নিখোঁজের ৪৮ ঘণ্টার মধ্যে কাপ্তাই হ্রদে মিলল মুক্তা বড়ুয়ার মরদেহ

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ ০৭:৫৫

রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মুক্তা বড়ুয়া (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে মরদেহটি উদ্ধার করে।

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে শহরের তবলছড়ি এলাকার বিজিবি রোডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শনিবার রাঙামাটি কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এর একদিন পর আজ সকালে রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সেটি কোতোয়ালী থানার কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, “রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মরদেহটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।”

পুলিশ ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে।