বিশ্বকাপ মানেই উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা আর সেরার মুকুট জয়ের লড়াই। তবে এবার সেই বিশ্বকাপের আবহ দেখা গেল ফুটবল মাঠে নয়, বরং যুক্তির মঞ্চে।
করতালি, পাল্টা যুক্তি আর চিন্তার ঝলকে মুখর হয়ে উঠেছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়াম।
তরুণ বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণে সেখানে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোন আয়োজিত ব্যতিক্রমধর্মী “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।
“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এ আয়োজনে অংশ নেন ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক।
তারা ছয়টি পৃথক দলকে প্রতিনিধিত্ব করে বিশ্বকাপের আদলে সাজানো প্রতিযোগিতায় নিজেদের যুক্তি, বিশ্লেষণক্ষমতা ও উপস্থাপনা দক্ষতার প্রদর্শন করেন।
প্রতিটি রাউন্ডে ছিল উত্তেজনা, প্রতিযোগিতা এবং সেরার স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এর অভিনব উপস্থাপনা। সাধারণ বিতর্ক প্রতিযোগিতার বাইরে গিয়ে আয়োজকরা বিশ্বকাপের আবহ তৈরি করেন, যা অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে।
প্রতিযোগীরা শুধু বক্তব্য উপস্থাপনই করেননি, বরং তথ্য-উপাত্ত, যুক্তি ও সমালোচনামূলক বিশ্লেষণের মাধ্যমে নিজেদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
বিতর্কের প্রতিটি পর্বে স্পষ্ট হয়ে ওঠে, একজন দক্ষ বিতার্কিক কেবল ভালো বক্তা নন; তিনি একজন সচেতন চিন্তকও।
যুক্তি নির্মাণ, ভিন্নমতকে মূল্যায়ন এবং তথ্যভিত্তিক অবস্থান তুলে ধরার মাধ্যমে অংশগ্রহণকারীরা নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার পরিচয় দেন।
বিতর্ক শেষে আয়োজিত হয় একটি প্রাণবন্ত কাহুট কুইজ প্রতিযোগিতা।
প্রযুক্তিনির্ভর এই কুইজে অংশগ্রহণকারীরা দ্রুত উত্তর দিয়ে নিজেদের জ্ঞান ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন। ফলে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির চেয়ারম্যান একে এম শোয়াইব। এ সময় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিআইইউ আউটরিচ কমিটির কনভেনার ড. ইমন কল্যাণ, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রেজিস্টার মিস লিমা এবং এনডিএফ বিডির কো-চেয়ারম্যান জুয়েল চৌধুরী।
বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যের ভিড়ে সত্য ও যুক্তিকে আলাদা করে চিহ্নিত করার সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কচর্চা সেই দক্ষতা অর্জনের অন্যতম কার্যকর মাধ্যম।
এটি তরুণদের মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে।
তারা আরও বলেন, একটি যুক্তিনির্ভর ও সচেতন সমাজ গঠনের জন্য বিতর্কচর্চার বিকল্প নেই।
নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
সিআইইউতে অনুষ্ঠিত “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬” ছিল শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; এটি ছিল তরুণদের চিন্তা, যুক্তি ও নেতৃত্ব বিকাশের এক প্রাণবন্ত উৎসব।
বিশ্বকাপের রোমাঞ্চকে ধারণ করে আয়োজনটি প্রমাণ করেছে, মাঠের খেলায় যেমন চ্যাম্পিয়ন তৈরি হয়, তেমনি যুক্তির মঞ্চেও তৈরি হয় ভবিষ্যতের নেতৃত্ব।

