back to top

দুই বছর পর খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসার দুয়ার, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬ ০৫:৫৮

প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন।

আগামী রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ ঘোষণা দেন।

ভারত ভ্রমণে আগ্রহী অনেকের জন্য এটি স্বস্তির খবর। তবে এবার ভিসা আবেদনের প্রক্রিয়ায় এসেছে বেশ কিছু পরিবর্তন।

আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন, কাগজপত্র আপলোড এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের নিয়ম মেনে চলতে হবে।

কোথায় আবেদন করা যাবে

দেশের পাঁচটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভ্যাক) ট্যুরিস্ট ভিসার আবেদন জমা দেওয়া যাবে। কেন্দ্রগুলো হলো ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনা।

যেভাবে শুরু করবেন আবেদন

ভারতের ভিসার জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদনকারীকে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে https://indianvisabangladesh.nic.in/visa/Registration গিয়ে ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরমের সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সেটি ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নিয়ম

ভিসা আবেদন জমা দেওয়ার আগের দিনই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। পরবর্তী কার্যদিবসের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ করা হবে আগের কার্যদিবসে।

দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে আবেদনকারীকে https://appointment.ivacbd.com/ সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে হবে।

যাঁরা সফলভাবে ওয়েবফাইল আপলোড করবেন, কেবল তাঁরাই একই দিন বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুযোগ পাবেন।

অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের জন্য নির্ধারিত পোর্টালে ভিসা আবেদনে ব্যবহৃত একই ই-মেইল ঠিকানা দিয়ে সাইন-আপ করতে হবে।

সাইন-আপের সময় একটি ওটিপি এসএমএসে এবং আরেকটি ই-মেইলে পাঠানো হবে। প্রথমে ই-মেইলে পাঠানো ওটিপি, পরে মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর ব্যক্তিগত তথ্য দিয়ে নিবন্ধন শেষ করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিকেল সাড়ে ৪টার আগে সাইন-আপ সম্পন্ন না করলে ওই দিনের অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না।

বুকিংয়ের দিন কী করতে হবে

সাইন-আপ শেষ হলে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। লগইনের পর আবারও ওটিপি যাচাইয়ের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাতায় প্রবেশ করা যাবে।

সেখানে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে। এসব নথি থেকে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর তথ্য সিস্টেমে যুক্ত হবে।

এরপর অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সন্ধ্যা ৬টায় স্লট উন্মুক্ত হলে পুনরায় লগইন করলে পরবর্তী দিনের জন্য একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেখানো হবে। প্রয়োজনে আবেদনকারী একবার সেটি পরিবর্তনের সুযোগ পাবেন।

অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর অনলাইনে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে।

তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে—আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না। সম্পাদিত, পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না।

ট্যুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ভিসা আবেদনের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। সেগুলো হলো—

  • কমপক্ষে ছয় মাস মেয়াদসহ মূল পাসপোর্ট এবং অন্তত দুটি খালি পৃষ্ঠা।
  • পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি এবং মেয়াদ বৃদ্ধির অনুমোদন থাকলে তার কপি।
  • পুরোনো সব পাসপোর্ট।
  • গত তিন মাসের মধ্যে তোলা ২×২ সাইজের রঙিন পাসপোর্ট ছবি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।
  • আবাসনের প্রমাণ হিসেবে ছয় মাসের মধ্যে ইস্যু করা বিদ্যুৎ, গ্যাস, পানি বা টেলিফোন বিল।
  • চাকরিজীবীদের জন্য নিয়োগকর্তার প্রত্যয়নপত্র, শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয়পত্র এবং ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স।
  • আর্থিক সক্ষমতার প্রমাণ হিসেবে ১৫০ ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের কপি অথবা হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট।
  • রেজিস্ট্রেশন নম্বরসহ অনলাইন ভিসা আবেদনপত্র।
  • অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে স্ক্যান করা ছবি আপলোড।

কর্তৃপক্ষ জানিয়েছে, পুরোনো পাসপোর্ট জমা না দিলে আবেদন অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হতে পারে।

কত টাকা লাগবে

ভারত সরকার ট্যুরিস্ট ভিসার জন্য কোনো ভিসা ফি নেয় না। তবে ভিসা প্রক্রিয়াকরণের জন্য আইভ্যাক নির্ধারিত চার্জ হিসেবে ১ হাজার ৫০০ টাকা নেয়।

এই অর্থ অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময় অনলাইনে পরিশোধ করতে হবে।

পাসপোর্ট ফেরত পাবেন যেভাবে

ভিসা প্রক্রিয়াকরণ শেষ হলে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে। এরপর নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ভিসা আবেদনকেন্দ্র থেকে পাসপোর্ট সংগ্রহ করা যাবে।

দীর্ঘ বিরতির পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণায় ভ্রমণপ্রত্যাশীদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে।

তবে নতুন নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়সীমা ও কাগজপত্রের বিষয়ে সতর্ক না থাকলে আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে।

তাই আবেদন শুরুর আগেই প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।