back to top

সেন্সর বোর্ডের কড়া নজরে সালমানের ‘মাতৃভূমি’

প্রকাশিত: ০৪ জুলাই, ২০২৬ ০৩:৩৬

বলিউড তারকা সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’ যেন বাধা কাটিয়েও শেষ পর্যন্ত মুক্তির মুখ দেখতে পারছে না।

নাম পরিবর্তন, গল্পে বড় ধরনের সংশোধন, এমনকি নতুন করে উল্লেখযোগ্য অংশের শুটিং—সবকিছু করার পরও ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ায় সিনেমাটির মুক্তি আবারও অনিশ্চয়তায় পড়েছে।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি’।

শুরু থেকেই বিষয়বস্তু ও প্রেক্ষাপটের কারণে সিনেমাটি ছিল আলোচনার কেন্দ্রে।

ঈদ উপলক্ষে গত ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সেই সূচি বাতিল করা হয়।

পরে আগস্টে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তির নতুন পরিকল্পনা নেওয়া হলেও, সেটিও এখন অনিশ্চিত।

গতকাল এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ডের অনুমোদন না মেলায় আগস্টের নির্ধারিত মুক্তির তারিখও হাতছাড়া হতে পারে।

প্রথমদিকে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পরই এটি ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দেয়।

বিশেষ করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেটিজেন সিনেমাটির বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ তোলেন। বিষয়টি পরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে।

এরপর মন্ত্রণালয়ের অনুরোধে সিনেমাটির গল্পে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। নতুনভাবে প্রায় ৪০ শতাংশ অংশের শুটিং করা হয়।

আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংবেদনশীলতা এবং চলমান বিতর্ক বিবেচনায় রেখে পরিবর্তন করা হয় সিনেমার নামও।

কিন্তু এত কিছুর পরও আপাতত ‘মাতৃভূমি’কে সেন্সর ছাড়পত্র দিতে রাজি হয়নি ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড।

ফলে ‘সিকান্দার’-এর পর সালমান খানের এই দেশাত্মবোধক সিনেমা নিয়ে দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা আপাতত পূরণ হচ্ছে না।

কবে সিনেমাটি মুক্তি পাবে, সে বিষয়েও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সালমান খান ফিল্মস-এর ব্যানারে নির্মিত বিগ বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া।

এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার এবং তিনটি গান প্রকাশ পেয়েছে।

এদিকে ‘মাতৃভূমি’র মুক্তি অনিশ্চিত হলেও নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। দক্ষিণি পরিচালক ভামশি পেডপাল্লির পরিচালনায় তাঁর নতুন সিনেমার শুটিং প্রায় শেষ।

সেই সিনেমায় প্রথমবারের মতো তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা। পাশাপাশি পরিচালক জুটি রাজ-ডিকের নতুন সুপারহিরোভিত্তিক সিনেমাতেও অভিনয় করছেন বলিউডের এই জনপ্রিয় তারকা।