back to top

মাদকবিরোধী অভিযানে বোয়ালখালীতে সাফল্য, ইয়াবাসহ গ্রেপ্তার মফিজ

প্রকাশিত: ০৫ জুলাই, ২০২৬ ১৩:৫৩

চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ মো. মফিজুর রহমান মফিজ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশের একটি দল উপজেলা পৌর সদরের বুড়িপুকুর পাড় রেললাইন-সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

অভিযানে মো. মফিজুর রহমান মফিজকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মফিজুর রহমান মফিজ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ পাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মফিজুর রহমান মফিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ২৮টি ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।