বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ বিবেচনায় রেখেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করবে।
বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিতের এ ঘোষণায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি যেমন এসেছে, তেমনি নতুন সূচি কবে প্রকাশ হবে-সেদিকেও এখন সবার নজর।
