চসিকে দুই চালকের বিরুদ্ধে তদন্ত, ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

সাগরিকা থেকে দামপাড়ায় সংযুক্ত দুই চালক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬ ১১:৫৫

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই গাড়িচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই চালককে তাদের বর্তমান কর্মস্থল সাগরিকা শাখা থেকে দামপাড়া (পুল) শাখায় সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) চসিকের সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরদিন মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সই করা এক অফিস আদেশে বলা হয়, গাড়িচালক মো. শাহ আলম ও আব্দুল মাবুদ-এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়র নির্দেশনা দিয়েছেন।

ওই নির্দেশনার আলোকে চসিকের অঞ্চল-০৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

তাঁকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে সচিবের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে একই দিনে চসিকের উপসচিবের সই করা আরেকটি অফিস আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকৌশল বিভাগ, যান্ত্রিক শাখার ওই দুই চালককে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে স্ব-বেতনে দামপাড়া (পুল) শাখায় সংযুক্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ১৯ জুলাইয়ের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাঁদের যোগদান করতে হবে।

চসিক সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে।