চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
এই নিয়োগের মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো। এখনো প্রশাসক নিয়োগ হয়নি শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম গণমাধ্যমকে বলেন, আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।
মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনি নির্বাচন করেছিলেন।
তবে ওই আসনে জয়ী হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
চট্টগ্রাম জেলা পরিষদে তাঁর এই নিয়োগ স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
এখন উন্নয়ন কার্যক্রমে তিনি কী ধরনের উদ্যোগ নেন, সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহল ও সাধারণ মানুষের।
