চট্টগ্রামের বোয়ালখালীতে দাঁড়িয়ে থাকা লবণবাহী ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার রায়খালী পুল এলাকায় আরাকান সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় আহতরা হলেন-পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৫), পশ্চিম শাকপুরা ৪ নম্বর ওয়ার্ডের বাদল দাশের স্ত্রী রত্না দাশ (৪২), মানিক দাশের স্ত্রী রুনা দাশ (৩০), অজিত দাশের মেয়ে পম্পি দাশ (১৫) এবং কৃষ্ণ দাশের মেয়ে বৃষ্টি দাশ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে রায়খালী এলাকায় আরাকান সড়কের পাশে একটি লবণবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি সিএনজি অটোরিকশা এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা দিলে মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। এতে সিএনজিতে থাকা নারীসহ পাঁচজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়েছে।
তবে অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে অটোরিকশা চালক মো: সায়েম চমেক হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছে বলে জানান চালককের মামা মো. রুবেল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায় এবং সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
