জালেমদের হাত থেকে বাংলাদেশ মুক্তির সংগ্রামে’ হেফাজতের ভূমিকার প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৬ ১৯:১৯

চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় ধর্ম, রাজনীতি ও দেশের শান্তিশৃঙ্খলা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেছেন, বিএনপি ইসলামের ‘সহীহ (সঠিক) লাইনে’ রয়েছে।

একই সঙ্গে যারা ‘ইসমতে আম্বিয়া’ (আল্লাহর নবী ও রাসূলদের নিষ্পাপতা) এবং ‘সাহাবীদের মিয়ারে হক’ (সত্যের মাপকাঠি) মানে না, তাদের বিরুদ্ধে আলেম-ওলামাদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা সহীহ লাইনে আছি। আমরা মদিনার ইসলামে আছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমস্ত চর্চার সঙ্গে আছি। আমরা সাহাবায়ে কেরামদের চর্চিত সমস্ত চর্চার সাথে আছি। আমরা অন্য কোনো ধর্ম নিয়ে রাজনীতি করি না।

তিনি বলেন, তাঁদের প্রধানমন্ত্রী অত্যন্ত ধার্মিক একজন মানুষ এবং তিনি একজন ‘প্র্যাক্টিসিং মুসলিম’।

আলেম-ওলামাদের উদ্দেশে তিনি বলেন, আমাদের সঙ্গে আপনাদের রাজনৈতিক সম্পর্ক না।

আমাদের সঙ্গে আপনাদের যে সম্পর্ক, ইনশাআল্লাহ সেটা বজায় থাকবে। আপনারা শুধু দোয়া করবেন, আমরা যেন শান্তিশৃঙ্খলার সঙ্গে দেশের উন্নয়ন করতে পারি।

এরপরই আলেম-ওলামাদের উদ্দেশে তাঁর আরও স্পষ্ট আহ্বান-যারা ইসমতে আম্বিয়া (আঃ) মানে না, যারা সাহাবীদের মিয়ারে হক মানে না, তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর উপস্থিত আলেম-ওলামাদের মধ্যে আলোচনা তৈরি হয়।

কেউ কেউ তাঁর বক্তব্য জামায়াতে ইসলামকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে বলে মনে করলেও স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নাম উল্লেখ করেননি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হেফাজতের ভূমিকার প্রশংসা

বক্তব্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভূমিকারও প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, আন্দোলন চলাকালে হেফাজত আমিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি।

তাঁর ভাষ্য অনুযায়ী, গণতান্ত্রিক আন্দোলনে হেফাজতের আমির অনেক ইসলামী দলকে সংগঠিত করেছেন এবং ‘জালেমদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার সংগ্রামে’ ভূমিকা রেখেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্মানিত আমির সবসময় বলেন-আমরা রাজনৈতিক দল নই। হেফাজতে ইসলাম ইসলামের হেফাজত করে।

সভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে নয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি যে ৯২ ভাগ মুসলমানের দেশে কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন পাস হবে না।

শাপলা চত্বরের বিচার নিয়ে যা বললেন

শাপলা চত্বরের ঘটনার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেও বলেছিলাম, আপনারা শুধু মামলাটা করেন। বাকি দায়দায়িত্ব আমার। মামলা হয়েছে। চার্জশিটও হয়েছে। এখন শুধু বিচারের অপেক্ষা।

অন্যদিকে আলেম-ওলামাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবির বিষয়ে তিনি বলেন, মামলার তালিকা করা হয়েছে। যাচাই-বাছাই করে সেগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করতে রোববার বাবুনগর মাদ্রাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর এবং হুম্মাম কাদের চৌধুরী।

বাবুনগরের এ মতবিনিময় সভায় একদিকে যেমন কওমি আলেম-ওলামাদের সঙ্গে সরকারের সম্পর্ক ও ইসলামী মূল্যবোধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে, অন্যদিকে হেফাজতে ইসলামের নয় দফা দাবি, শাপলা চত্বরের বিচার এবং আলেমদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আশ্বাসও সভাটিকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে।