ওয়াশরুমে ঢুকেই সন্দেহ, এরপর হাতেনাতে ধরা সিনেপ্লেক্সকর্মী-মোবাইলে ‘গোপন ভিডিও’

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৪:৪৭

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সের ওয়াশরুমে এক নারীর গোপনে ভিডিও ধারণের চেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জিতু পাল (২৩) নামে এক পরিচ্ছন্নতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ফিনলে স্কয়ার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটক জিতু পাল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

তিনি গত সাত-আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যান এক নারী।

সিনেমা চলাকালে একপর্যায়ে তিনি ওয়াশরুমে যান। সেখানে গিয়ে তাঁর সন্দেহ হয়, মোবাইল ফোনের মাধ্যমে গোপনে তাঁর ভিডিও ধারণের চেষ্টা করা হচ্ছে।

বিষয়টি বুঝতে পেরে ওই নারী তাৎক্ষণিকভাবে জিতু পালকে হাতেনাতে আটক করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আশপাশের লোকজন তাঁর মোবাইল ফোনটি পরীক্ষা করেন।

তাঁদের দাবি, মোবাইল ফোনে ওই নারীর গোপনে ধারণ করা একটি ভিডিও পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন সময়ে আরও কয়েকজন নারীর গোপন ভিডিও ওই ফোনে পাওয়া গেছে বলেও অভিযোগ করা হয়।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পাঁচলাইশ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিতু পালকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তির মোবাইল ফোনে পাওয়া ভিডিওগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

ভিডিওগুলো কীভাবে ধারণ করা হয়েছে, এর পেছনে কী উদ্দেশ্য ছিল এবং অভিযোগের সত্যতা কতটুকু-এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

পাঁচলাইশ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারের ষষ্ঠ তলায় স্টার সিনেপ্লেক্সের শাখাটি চালু হয়েছে।

সেখানেই শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ এখনো তদন্তাধীন। পুলিশি তদন্ত ও যাচাই-বাছাই শেষে এ বিষয়ে প্রকৃত তথ্য আরও স্পষ্ট হবে।