রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ইয়াবার গোপন চালান, গ্রেপ্তার ইয়াকুব

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬ ১২:৪০

চট্টগ্রামের বাঁশখালীতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রীজ এলাকার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ থানার মিঠিপুর ইউনিয়নের কতুবপুর গবরা এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ছড়ারব্রীজের সামনে অভিযান চালায় বাঁশখালী থানা পুলিশের একটি দল।

এ সময় সন্দেহজনক একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-সিলভার রঙের জিপিএক্স ডেমন মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলটির ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় চোখে পড়ে ইয়াবার চালান। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় ইয়াবাগুলো জব্দ করার পাশাপাশি মোটরসাইকেলটিও হেফাজতে নেয় পুলিশ।

বাঁশখালী থানার অপারেশন অফিসার মো. আরিফ হোসাইন বলেন, ফুয়েল ট্যাংকের পাশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়।

মাদক পরিবহন ও পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, গ্রেপ্তার ইয়াকুব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের অভিযানে এ ঘটনায় ৭ হাজার পিস ইয়াবা ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ হয়েছে।

মাদক পরিবহনে ব্যবহৃত কৌশল এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।