শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ জুন) ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন এবং শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. শাহাদাত হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ জসীমউদ্দিন এবং রাশেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, “আল্লাহর আউলিয়া কেরাম মানবসেবা ও মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীতে আগমন করেছেন। ট্রাস্টের এই মানবিক কর্মকাণ্ডসমূহ তারই প্রতিফলন।”
তিনি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট’-কে একুশে পদক অথবা স্বাধীনতা পদক দেওয়ার দাবি জানান।
সভাপতির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম. জি. আ.) বলেন, সুফিয়ায়ে কেরাম কখনো প্রতিদান বা আনুগত্যের প্রত্যাশায় নয়, বরং আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সামাজিক খেদমত করে গেছেন। সেই ধারাবাহিকতায় ট্রাস্টও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ-মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
ট্রাস্ট সূত্রে জানা যায়, এদিন ২টি মসজিদ নির্মাণে সহায়তা, ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুদান, ৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ২ জনকে আলেম সহায়তা, ক্যান্সার, জটিল অপারেশন, ডায়ালাইসিসসহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ৩৬ জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৩ জনকে আয়বর্ধক খাতে, ২ জনকে বিদেশ যাত্রায়, ১০ জনকে কন্যার বিয়েতে, ২ জনকে ঋণ পরিশোধে এবং ২ জনকে গৃহ মেরামতের জন্য সহায়তা দেওয়া হয়।
সব মিলিয়ে ৬৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে মোট ৪২ লাখ ৮৯ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক তুলে দেন অতিথিরা।

