back to top

২৪টি চেকের অঙ্ক পরিবর্তন করে অর্থ আত্মসাৎ, বিটিটিবি’র তিন কর্মকর্তার বিরুদ্ধে কঠোর রায়

প্রকাশিত: ২২ জুন, ২০২৬ ১২:১৬

চট্টগ্রামে ২৭ বছর আগে অর্থ আত্মসাতের দুর্নীতির মামলায় বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ড (বিটিটিবি) চট্টগ্রাম কার্যালয়ের সাবেক তিন কর্মকর্তাকে বিভিন্ন ধারায় ৪৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন বিটিটিবির সাবেক উচ্চমান সহকারী কাম-ক্যাশিয়ার মোহাম্মদ হোসেন, সাবেক বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম এবং সাবেক বিভাগীয় প্রকৌশলী সাদিকুর রহমান খান।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।

দুদকের আইনজীবী রেজাউল করিম জানান, তিন আসামির প্রত্যেককে বিভিন্ন ধারায় মোট ৪৪ বছর করে কারাদণ্ড ও ৯৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে সব সাজা একসঙ্গে কার্যকর হবে।

রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিটিবির বিভাগীয় প্রকৌশলী (ইমারত নির্মাণ) কার্যালয়ে কর্মরত অবস্থায় মোহাম্মদ হোসেন ২৪টি চেকের অঙ্ক পরিবর্তন ও জালিয়াতির মাধ্যমে অনুমোদিত অর্থের অতিরিক্ত ১ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করেন।

উত্তোলিত অর্থ ক্যাশবুকে প্রদর্শন করা হয়নি এবং সরকারি কোষাগারেও জমা দেওয়া হয়নি।

তদন্তে উঠে আসে, এ কাজে তৎকালীন বিভাগীয় প্রকৌশলী মো. কামরুল আলম ও সাদিকুর রহমান খান তাঁকে সহযোগিতা করেছিলেন।

ঘটনার পর ১৯৯৯ সালের ৩১ অক্টোবর নগরের ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত শেষে ২০১৩ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ২০১৪ সালের ৮ জুন আদালত অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করেন।

মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন।