দখলে আটকে ছিল পথ, ঝাউতলায় চসিকের অভিযানে ৭ জনকে জরিমানা

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬ ১৮:৩৫

চট্টগ্রাম নগরীর মোমিন রোডের ঝাউতলা এলাকায় রাস্তা ও নালা দখল করে দোকানের মালামাল রাখায় সাত ব্যক্তিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

অভিযানে তাদের বিরুদ্ধে মামলা করে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নগরীর ঝাউতলা এলাকায় অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, ঝাউতলা এলাকায় অভিযান চালানোর সময় দেখা যায়, কয়েকজন ব্যক্তি রাস্তা ও নালা অবৈধভাবে দখল করে সেখানে দোকানের মালামাল রেখেছেন।

এতে একদিকে যেমন সড়কের স্বাভাবিক পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে জনসাধারণের চলাচলেও সৃষ্টি হচ্ছিল প্রতিবন্ধকতা।

অভিযানের সময় অবৈধভাবে রাস্তা ও নালা দখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, নগরীর সড়ক, ফুটপাত ও নালা দখলমুক্ত রাখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি আরও বলেন, নগরীতে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চসিকের এ অভিযান নগরীর সড়ক, ফুটপাত ও নালা দখলমুক্ত রাখার চলমান কার্যক্রমের অংশ।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।