চট্টগ্রামে সাবেক আ.লীগ নেত্রীর মৃত্যু, দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই

বাসায় মিলল নিথর দেহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১২:০৫

চট্টগ্রাম নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি মাঝিরঘাট এলাকায় নিজ বাসা থেকে নুর নাহার বেগম (৭৫) নামের আওয়ামী লীগের সাবেক এক নেত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে বাসার শয়নকক্ষের বিছানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নুর নাহার বেগম পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তাঁর স্বামী মৃত আবুল কালাম। তিনি নগরের সদরঘাট থানার মাঝিরঘাট রোডের সরকারি পুকুরপাড় এলাকার নুর মোহাম্মদ মাস্টার লেনে বসবাস করতেন।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, বুধবার সন্ধ্যায় বাসার পেছনের দরজা খোলা দেখতে পান ভাড়াটিয়ারা।

পরে তাঁরা ভেতরে ঢুকে শয়নকক্ষের বিছানার ওপর নুর নাহারকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

পুলিশ জানায়, নুর নাহারের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলে জানিয়েছেন ওসি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুর নাহার দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর বড় ছেলেও ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর তিনি ছোট ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন।

বুধবার সকালে তাঁর ছেলে কর্মস্থলে চলে যান। অন্তঃসত্ত্বা পুত্রবধূও ছিলেন বাবার বাড়িতে। ফলে ঘটনার সময় বাসায় একাই ছিলেন নুর নাহার।

ওসি একরাম উল্লাহ বলেন, পরিবারের সদস্যদের ভাষ্যমতে, নুর নাহার ক্যানসার, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সদরঘাট থানায় অপমৃত্যুর মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান ওসি।