দক্ষিণ আফ্রিকায় প্রবাসী স্বামীর মোবাইল নম্বর হ্যাক করে তাঁকে পুলিশে আটকের ভয় দেখিয়ে তাঁর স্ত্রীর কাছ থেকে বিকাশের মাধ্যমে ১ লাখ ১ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কোহিনুর আক্তার (৫৪) নামের এক গৃহবধূ গত ২৮ অক্টোবর চট্টগ্রামের পাহাড়তলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কোহিনুর আক্তার পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকার বাসিন্দা। তাঁর স্বামী গত ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটাচ্ছেন।
গত ২৮ অক্টোবর সকাল ৯টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর স্বামীর ব্যবহৃত দক্ষিণ আফ্রিকার মোবাইল নম্বরটি হ্যাক করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ওই নম্বর থেকে কোহিনুর আক্তারের মুঠোফোনে কল করে জানানো হয়, কাগজপত্রে সমস্যার কারণে তাঁর স্বামীকে দক্ষিণ আফ্রিকার পুলিশ আটক করেছে।
এ খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। এ সুযোগে প্রতারক পরিচয়ধারী ব্যক্তি পুলিশের ভয় দেখিয়ে টাকা দাবি করেন।
অভিযোগ অনুযায়ী, প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হলে কোহিনুর আক্তার ০১৮৭৯৪৪৫৯৬০ নম্বরে বিকাশের মাধ্যমে ওই টাকা পাঠান। এরপর আরও টাকা দাবি করা হলে তিনি ০১৬২৩৪৪াব ৮০ নম্বরে দ্বিতীয় দফায় ৫১ হাজার টাকা পাঠান। দুই দফায় মোট ১ লাখ ১ হাজার টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট নম্বরে যোগাযোগের চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।
পরে দক্ষিণ আফ্রিকায় থাকা স্বামীর সঙ্গে কথা বলে কোহিনুর আক্তার জানতে পারেন, তাঁর স্বামীকে পুলিশ আটক করেনি; বরং তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটি হ্যাক করে এ প্রতারণা করা হয়েছে বলে তিনি বুঝতে পারেন।
এ বিষয়ে পাহাড়তলী থানার পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
