চট্টগ্রামের লোহাগাড়ায় একটি মিনিট্রাক থামিয়ে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগে সাতকানিয়া থানার এক উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে।
বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে প্রশাসনিক কারণে তাঁদের সাতকানিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন সাতকানিয়া থানার এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।
মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রশাসনিক কারণে ওই তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে একটি মিনিট্রাকে করে ৩০ হাজার ইয়াবা চট্টগ্রামের দিকে নেওয়া হচ্ছিল। পথে লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে কয়েকজন পুলিশ সদস্য ট্রাকটির গতিরোধ করেন বলে অভিযোগ উঠেছে।
ট্রাকচালক নাছিরের অভিযোগ, তাঁকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। এরপর ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।
সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়।
ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ক্যামেরার মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন নাছির।
পুলিশ জানিয়েছে, ইয়াবা লুটের ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার ভিত্তিতে তিন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
