চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়ি ফেরার পথেই দুইটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন যুবদল নেতা মো. সালাহ উদ্দিন (৩৬)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে (সাবেক ইসমাইল খান চত্বর) মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাহ উদ্দিন উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া এলাকার মৃত মহিউদ্দিনের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বড়তাকিয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির দিকে ফিরছিলেন সালাহ উদ্দিন।
পথে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের মুসলিম চত্বরে পৌঁছালে সেভেন রিং সিমেন্টের একটি তেলবাহী গাড়ি এবং চিটাগং অনলাইন লিমিটেডের ইন্টারনেট সংযোগের একটি ডাবল কেবিন পিকআপের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
ভয়াবহ ওই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান সালাহ উদ্দিন। মুহূর্তের মধ্যেই সড়কে ছড়িয়ে পড়ে শোকের আবহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, তেলবাহী গাড়ি ও ডাবল কেবিন পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।
সালাহ উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিরসরাই থানা যুবদলের নেতারা।
মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুন অর রশিদ ও এসএম সুমন বলেন, দুর্ঘটনায় নিহত সালাহ উদ্দিন সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে যুবদল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ইকনোমিক জোন সড়কে দুর্ঘটনায় সালাহ উদ্দিন নামে একজন নিহত হয়েছেন।
মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
একটি স্বাভাবিক বাড়ি ফেরার যাত্রা যে এভাবে জীবনের শেষ যাত্রায় পরিণত হবে, তা হয়তো ভাবেননি সালাহ উদ্দিন।
কিন্তু মুহূর্তের এক দুর্ঘটনায় স্বজনদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন ৩৬ বছর বয়সী এই যুবক।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।
