বগুড়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই শ্রমজীবী এবং স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী হতাহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ছয়টার দিকে এরুলিয়া সিল্কিবান্দা এলাকায় পৌঁছায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটিতে আঘাত করে।
সেখানে তখন কাজের সন্ধানে বের হওয়া শ্রমজীবী লোকজন অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাঁদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন আরও অনেকে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত মোট ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। আহত অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকালের ব্যস্ততা শুরুর আগেই কাজের সন্ধানে মহাসড়কের পাশে জড়ো হয়েছিলেন শ্রমজীবী মানুষগুলো।
জীবিকার তাগিদে বের হওয়া সেই অপেক্ষার মধ্যেই নিয়ন্ত্রণ হারানো একটি বাস কেড়ে নিল ছয়টি প্রাণ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
