চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং করণীয় নির্ধারণে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।
এর অংশ হিসেবে ৫৭টি স্ট্যান্ডিং সাব কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগ্রহী চেম্বার সদস্যরা আগামী ১৫ আগস্টের মধ্যে নিজেদের পছন্দের সাব কমিটিতে অন্তর্ভুক্তির জন্য নাম জমা দিতে পারবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। তিনি বলেন, এ জনপদের বহুমাত্রিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সমস্যা, সংকট, সম্ভাবনা এবং করণীয় নির্ধারণে তৃণমূলের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর চেম্বার প্রতিষ্ঠায় এসব সাব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিসিসিআইয়ের উদ্যোগে গঠিতব্য সাব কমিটিগুলোর পরিধিও বেশ বিস্তৃত। প্রচলিত ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি প্রযুক্তি, বিনিয়োগ, অবকাঠামো, পরিবেশ, দক্ষতা উন্নয়নসহ উদীয়মান বিভিন্ন খাতকে রাখা হয়েছে এ উদ্যোগের আওতায়।
গঠিতব্য সাব কমিটিগুলোর মধ্যে রয়েছে-এলএমডি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইন্স্যুরেন্স, পোর্ট, শিপিং, ইমপোর্টারস, এক্সপোর্টারস, পলিসি অ্যাডভোকেসি, লেবার, লাইটারেজ অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, ফুড গ্রেইন, সল্ট অ্যান্ড স্পাইসিস, এডিবল/কুকিং অয়েল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিল্ডিং ম্যাটেরিয়ালস, ট্যাক্সেশন, জুট, টেক্সটাইল, স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, ইন্টারনাল ট্রেড, উইম্যান এন্টারপ্রেনারশিপ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি, এনভায়রনমেন্ট, এনার্জি অ্যান্ড পাওয়ার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আইসিটি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, পোলট্রি, ফিশারিজ, হর্টিকালচার, এআই, স্টার্টআপ, সিক ইন্ডাস্ট্রি, কস্ট অব ডুয়িং বিজনেস, ইজ অব ডুয়িং বিজনেস, ডব্লিউটিও ও ইন্ডাস্ট্রিয়াল স্কিল ডেভেলপমেন্ট।
এর পাশাপাশি ডিসেন্ট্রালাইজেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফরমস, রেমিট্যান্স, এক্সটারনাল বিজনেস শক, ইনভেস্টমেন্ট প্রমোশন, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিংকেজ, ইন্টারন্যাশনাল/বাইলেটারাল ট্রেড, প্লাস্টিক ইন্ডাস্ট্রি, প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মার্কেট অ্যান্ড শপিংমল, বেকারি অ্যান্ড কনফেকশনারি, লাইট ইঞ্জিনিয়ারিং, গ্রিন এনার্জি অ্যান্ড কার্বন কনট্রোল, হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লেদার অ্যান্ড লেদার গুডস, রোডস অ্যান্ড হাইওয়ে, স্টিল অ্যান্ড অ্যালাইড সেক্টর, সিমেন্ট ও গার্মেন্টস এক্সেসরিজ খাত নিয়েও সাব কমিটি গঠনের উদ্যোগ রয়েছে।
সিসিসিআই মনে করছে, বিভিন্ন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে এসব সাব কমিটি গঠিত হলে ব্যবসা-বাণিজ্যের বাস্তব সমস্যা ও সম্ভাবনার চিত্র আরও স্পষ্টভাবে উঠে আসবে।
একই সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর সুপারিশ উপস্থাপন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতেও এসব কমিটি ভূমিকা রাখতে পারবে।
এদিকে আগ্রহী চেম্বার সদস্যদের আগামী ১৫ আগস্টের মধ্যে পছন্দের সাব কমিটিতে নাম জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
সদস্যরা চেম্বারের ইমেইল info@chittagongchamber.com-এ নাম পাঠাতে পারবেন।
