পরীক্ষার হলে যাওয়ার স্বপ্ন থামল সড়কে, ক্রেনের ধাক্কায় নাফিসার মৃত্যু

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৫:২৮

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের সঙ্গে ধাক্কায় নাফিসা নাওয়াল (১৮) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে পতেঙ্গা থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাফিসা নাওয়াল সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি পতেঙ্গার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মামুন মিয়া এবং মায়ের নাম মুক্তা।

জানা গেছে, শনিবার সকালে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে সড়কে একটি ক্রেনের সঙ্গে দুর্ঘটনার শিকার হন নাফিসা। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনি সড়কে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চমেক হাসপাতালে নাফিসাকে আনয়নকারী ইন্টার্ন চিকিৎসক মারিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত অবস্থায় নাফিসাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা ছিল গুরুতর।

চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নাফিসাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এইচএসসি পরীক্ষা দিতে বের হওয়া এক তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যে সকালে নাফিসার পরীক্ষার হলে বসার কথা ছিল, সেই সকালেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবনযাত্রা।