সাংবাদিক পরিচয়, মোটরসাইকেলে চেসিস বক্সে লুকানো ৭৮৪৫ ইয়াবা: গ্রেফতার মুজাহিদ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০৮

চট্টগ্রামের আনোয়ারায় সাংবাদিক পরিচয়ে মোটরসাইকেলে ইয়াবা পাচারের অভিযোগে নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা। র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন সংলগ্ন সৈয়দ কুচাইয়ার মোড়ে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় মুজাহিদকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) র‌্যাব-৭ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার নুরুল আলম প্রকাশ মুজাহিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চক্র মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে আনোয়ারা এলপিজি অটো গ্যাস স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি শুরু করেন র‌্যাব সদস্যরা।

তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেলের সামনের শেডে একটি জাতীয় ইংরেজি পত্রিকার নামসহ ‘প্রেস’ লেখা স্টিকার দেখতে পান র‌্যাব সদস্যরা। এতে সন্দেহ হলে মোটরসাইকেলটিতে তল্লাশি চালানো হয়।

পরে মোটরসাইকেলের হাফ চেসিস ও চেসিস বক্সের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার করা হয় ৭ হাজার ৮৪৫ পিস ইয়াবা।

র‌্যাবের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার মুজাহিদ, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলে ‘প্রেস’ স্টিকার ব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। তবে এ স্টিকার ব্যবহারের উদ্দেশ্য ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে আইনগত প্রক্রিয়ায় পরবর্তী তদন্তে বিস্তারিত জানা যাবে।