হৃদয় হত্যা মামলায় আদালতের আদেশ, গ্রেপ্তার দেখানো হলো বগাকে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৫:২১

চট্টগ্রামের পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার মামলায় কিশোর গ্যাংয়ের নেতা ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত ২৯ সেপ্টেম্বর রাতে নগরের খুলশী থানার পাহাড়তলী ওয়্যারলেস কলোনির একটি বাসা থেকে ডেকে নিয়ে কিশোর হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে।

নিহত হৃদয় পেশায় ভ্যানগাড়িতে সবজি বিক্রেতা ছিলেন। তিনি ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গেছে। তাঁকে ‘৭জি’ গ্রুপের সদস্যরা হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংটি ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন। হৃদয় হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন আদালত মঞ্জুর করেছেন।